দেশের ক্রিকেটাঙ্গনে বর্তমানে যেসব ক্রিকেটার দাপট দেখাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম মেহেদী হাসান মিরাজ। গত বছর থেকেই দুর্দান্ত পারফর্ম করছেন এই অফস্পিন অলরাউন্ডার। ঘরে মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন তিনি।
টাইগারদের হয়ে ভারতের বিপক্ষে ওই ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে করেন অসাধারণ এক সেঞ্চুরি। ৬৯ রানে ৬ উইকেটে ধুঁকতে থাকা টাইগারদের এনে দেন ২৭১ রানের বিশাল সংগ্রহ।
এবার সেই দাপুটে ব্যাটিংয়ের স্বীকৃতি পেলেন মিরাজ। ভারতের ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। অনবদ্য ব্যাটিংয়ের কারণে মিরাজকে ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে ব্যাটার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
অন্যদিকে টেস্টে বর্ষসেরা পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন টাইগার পেসার এবাদত হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতে ৪৬ রান দিয়ে ৬ উইকেট নেন এই পেসার। আর ডানহাতি এই পেসারের ঝড়ো বোলিংয়ে কিউইদের মাটিতে প্রথমবারের মতো টেস্টে জয় ছিনিয়ে নেয় টাইগাররা।
সেই ম্যাচে শেষ দিনের শেষ সেশনে ৭ বলের স্পেলে নিষ্প্রভ করে দেন কিউই ব্যাটারদের। মাত্র ৭ বলের মধ্যেই স্বাগতিকদের তিন ব্যাটারকে ফেরান তিনি। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নেন এবাদত।
ইএসপিএন প্রকাশিত অ্যাওয়ার্ডের তালিকা :
| পারফরম্যান্স অব দ্য ইয়ার | ক্রিকেটার | রান/ বোলিং স্পেল | প্রতিপক্ষ | স্থান |
| টেস্ট ব্যাটিং | জনি বেয়ারস্টো | ১৩৬ | নিউজিল্যান্ড | নটিংহ্যাম |
| টেস্ট বোলিং | এবাদত হোসেন | ৬/৪৬ | নিউজিল্যান্ড | মাউন্ট মঙ্গানুই |
| ওয়ানডে ব্যাটিং | মেহেদী হাসান মিরাজ | ১০০* | ভারত | মিরপুর |
| ওয়ানডে বোলিং | জসপ্রিত বুমরাহ | ৬/১৯ | ইংল্যান্ড | ওভাল |
| টি-টোয়েন্টি | সূর্যকুমার যাদব | ১১১* | নিউজিল্যান্ড | মাউন্ট মঙ্গানুই |
| টি-টোয়েন্টি বোলিং | স্যাম কারান | ৩/১২ | পাকিস্তান | মেলবোর্ন |





