চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগের পর শাকিব মামলা করতে গিয়েছিলেন। কিন্তু সে মামলা হয়নি। পরের দিন শাকিব বললেন প্রযোজক বাটপার।
রবিবার ডিবি কার্যালয়ে অভিযোগ করে বেরিয়ে প্রযোজক রহমত উল্লাহকে ভুয়া ও বাটপার আখ্যা দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। রহমত উল্লাহ গোটা চলচ্চিত্রের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
ভুয়া ও বাটপার আখ্যা দেওয়া রহমত উল্লাহর সঙ্গে দু’দিন আগে সমঝোতায় বসেছিলেন চিত্রনায়ক শাকিব খান। এ বিষয়ে রহমত উল্লাহও জানতে চেয়েছেন, ‘আমি যদি ভুয়াই হই তাহলে আমার সঙ্গে সমঝোতায় বসল কেন সে?’
শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ আসার পর তিনি সমঝোতায় বসেন। শেষ পর্যন্ত সমঝোতা না হলেও শাকিব খান রহমত উল্লাহর বিরুদ্ধে প্রতারণা মামলা করার জন্য উদ্যোগী হন। কিন্তু গুলশান থানা ত্রুটি থাকায় মামলা নেয়নি।
শাকিব খান রবিবার সন্ধ্যায় বলেন, ‘ভুয়া সংবাদগুলো সবার মধ্যে ছড়িয়েছে। আমার মনে হয় শুধু রহমত উল্লাহ একা ছিল না, রহমত উল্লাহর পেছনে আরো অনেক লোক ছিল। না হলে এই বাটপার রহমত উল্লাহ এফডিসির ভেতরে গিয়ে আমাদের তিন থেকে চারটি ভাইটাল অ্যাসোসিয়েশনের কাছে প্রযোজক সেজে ভুয়া তথ্যগুলো দিয়ে, ভুয়া বিচার চেয়েছে। এবং আপনাদের মিডিয়ার কাছে কিন্তু বারবার একটি কথাই বলছে আমাকে টাকা দিয়ে দিক, আমি চলে যাব। আমাকে টাকা দিয়ে দিক, আমি উইথড্র করে নেব।’
এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন রহমত উল্লাহ। তিনি বলেন, ‘আমি কাজের টানেই এসেছি। কারো ভয়ে পালিয়ে আসিনি। আমি আবার আসব। অল্প কিছুদিনের মধ্যেই হয়তো সকল প্রমাণ নিয়ে দেখা হচ্ছে। শাকিব বিষয়টি সমঝোতার চেষ্টা করেছে। কিন্তু সে যৌক্তিক কোনো সমাধানে আসে না। আমি দেশ ছেড়েছি নিশ্চিত হওয়ার পর এখন নাটক করছে। সে যেহেতু আমাকে ভুয়া-মিথ্যেবাদী বলছে তাই লড়াইটা এবার আইনিভাবে হবে।





