রাজনৈতিক কারণে এক দশক ধরে বন্ধ আছে ভারত আর পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ। দর্শকরা বঞ্চিত হচ্ছেন ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াইটি দেখতে। এখন শুধু আইসিসি আর এসিসির ইভেন্টগুলোতেই ভারত-পাকিস্তানের লড়াই দেখা যায়। বিষয়টি নিয়ে বরাবরই দুই দেশের সাবেক ক্রিকেটাররা মন্তব্য করে আসছেন। এবার শহিদ আফ্রিদি বললেন, তিনি ভারত-পাকিস্তান সিরিজ চালুর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করবেন।
আফ্রিদি মনে করেন, ক্রিকেটই পারে দুই দেশের বন্ধন দৃঢ় করতে। জুড়ে রাখতে। ভারতের অনেক ক্রিকেটারের সঙ্গে তার বন্ধুত্ব আছে বলেও জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্টের মাঝে সাইডলাইনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মোদি সাহেবের কাছে আবেদন করব যাতে দুই দেশের মাঝে ক্রিকেট চালু হয়।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষমতার দিকে ইঙ্গিত করে আফ্রিদি আরো বলেন, ‘আমি বলব না পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষমতা নেই। কিন্তু কিছু জায়গায় ভারতীয় বোর্ড এগিয়ে।’এ বছর এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দেন, এই টুর্নামেন্ট অন্য দেশে হতে হবে। পাকিস্তানে খেলতে যাবে না ভারত। এতে দুই দেশের বোর্ড কর্মকর্তাদের মাঝে শুরু হয় কথার লড়াই। এখনো ঠিক হয়নি এশিয়া কাপ কোথায় হবে। এমন আবহেই বন্ধুত্বের আহ্বান আফ্রিদির, ‘ভারতীয় দলে এখনো আমার অনেক বন্ধু রয়েছে। দেখা হলে আমরা আড্ডা দিই। এই তো আগের দিন সুরেশ রায়নার সঙ্গে দেখা হয়েছিল। ওর কাছে আমি একটা ব্যাট চেয়েছিলাম। সে আমাকে ব্যাট দিয়েছিল।’
তা ছাড়া ভারত যদি পাকিস্তান সফরে যায়, তাহলে সেখানকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠবে না বলে মনে করছেন আফ্রিদি। তিনি বলেন, ‘গত কয়েক বছরে বেশ কিছু আন্তর্জাতিক দল পাকিস্তানে এসে সিরিজ খেলে গেছে। এখানকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে আর প্রশ্ন উঠবে বলে মনে হয় না। ভারত থেকে আমরা বেশ কয়েকবার হুঁশিয়ারি পেয়েছি, কিন্তু দুই দেশের সরকার যদি রাজি থাকে তাহলে দ্বিপক্ষীয় সিরিজ হবে। তবে কিছু মানুষ চায়, ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট যাতে না হয়।’





