পরকীয়ার খবরে স্বামী দিলো তালাক, প্রেমিকও করছে না বিয়ে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাঁশখুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেছেন এক নারী।

মঙ্গলবার (২৮ মার্চ) পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৭ মার্চ) দুপুর থেকে দিনভর এই অনশনে বসেছেন ওই নারী।

অভিযুক্ত নুরনবী পাঁচবিবি উপজেলার বাঁশখুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ওই নারীর সঙ্গে নুরনবীর দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলে আসছে। এর আগে ভুক্তভোগী নারী নুরনবীর বিরুদ্ধে একটি মামলাও করেছেন। সেই মামলায় নুরনবী কিছুদিন কারাবাসও করেছেন। পরে জামিনে এসে নুরনবী পুনরায় ভুক্তভোগী নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করেন। স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানাজানি হলে ওই নারীকে তালাক দেন তার স্বামী।

এ বিষয়ে ভুক্তভোগী নারী বলেন, নুরনবী সঙ্গে আমার প্রেমের সম্পর্ক রয়েছে। সে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন। এখন নুরনবী আমাকে রেখে পালিয়ে বেড়াচ্ছেন। নুরনবীর কারণে আমার সংসারও ভেঙেছে। আমি বাধ্য হয়ে নুরনবীর বাড়িতে এসে অনশন করছি। আমাকে বিয়ে না করলে, আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই।

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, ওই নারী সোমবার দুপুর থেকে নুরনবীর বাড়িতে এসে অবস্থান করছেন। পরে সংবাদ পেয়ে আইনশৃঙ্খলার রক্ষার্থে আমি সেখানে যাই। এ সময় পুলিশকে সংবাদ দিলে পুলিশও সেখানে আসে।

তিনি আরও জানান, বিষয়টি সমাধানের লক্ষ্যে ছেলের পরিবারের সঙ্গে বসা হলে ছেলের পরিবার ওই নারীর সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে এখন কালক্ষেপণ করছেন। ওই নারী বর্তমানে ছেলের বাড়িতে অবস্থান করছেন।

ওসি জাহিদুল হক জানান, সোমবার ৯৯৯ ওই নারীর ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি ছেলের বয়স ১৮ বছরের নীচে আর মেয়ের বয়স অনেক বেশি। এ জন্য ওই নারীকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি।