পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসু। ছোট পর্দা-বড় পর্দা দুই জায়গাতেই সমানতালে বিচরণ তার। তবে দীর্ঘদিন অসুস্থ ছিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। শুটিং করতে করতেই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন অঞ্জনা। তাই এ কারণে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি।
দীর্ঘ বিরতির পর ফের নতুন কাজ নিয়ে পর্দায় ফিরেছেন অঞ্জনা। বর্তমানে ‘পিলু’ সিরিয়ালে মণিমার চরিত্রে অভিনয় করছেন তিনি। সিরিয়াল ছাড়াও দিন কয়েক আগে মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘দিলখুশ’।
জানা গেছে, কোভিডে আক্রান্ত হয়েছিলেন অঞ্জনা। সে সময় অভিনেত্রীকে এতটাই কাবু করেছিল যে, বাঁচার কোনো আশাই ছিল না বলে জানিয়েছেন এই অভিনেত্রী। অঞ্জনা বলেন, দুইবার কোভিড হয়েছে আমার। দ্বিতীয় বার কোভিডের সঙ্গে ডেঙ্গুও হয়েছিল। আমার ফুসফুস, কিড্নি সবটাই নষ্ট হয়ে গিয়েছে। আগে সুগার ছিল না, এখন সেই রোগেও আক্রান্ত আমি।
তিনি আরও বলেন, এমনকি আমার জরায়ুতে একটা বিশাল আকারের টিউমার ছিল। সেটাও অপারেশন করতে হয়েছিল। আমার বাঁচার আশা ছিল না, সৃষ্টি কর্তার অশেষ কৃপায় ফিরে এসেছি। আবার পুরনো জীবনে ফিরছি, সেটাই অনেক বড় আমার কাছে।





