জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, নির্বাচনকে মানুষের কাছে গ্রহণযোগ্য করতে হবে। সব দলকে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের না, নির্বাচন কমিশনের। কমিশনকে সেই পরিবেশ তৈরি করতে হবে।
শনিবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৭ বিধিতে উপস্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নির্বাচনকে মানুষের কাছে গ্রহণযোগ্য করতে হবে। কিন্তু এটি করবে কে? বলা হয়েছে এটা সরকারের দায়িত্ব নয়। এটা আমিও বিশ্বাস করি- সরকারের দায়িত্ব নয়। সব দলকে নির্বাচনে আনা সরকারের দায়িত্ব হতে পারে না। দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনকে সেই পরিবেশ ও আস্থা তৈরি করতে হবে। কিন্তু সেই পরিবেশ আনার জন্য যে সহায়তা দরকার, সরকারকে নির্বাচন কমিশনকে তা দিতে হবে। সেটাই হচ্ছে সরকারের দায়িত্ব।
জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, রাজনীতিতে আমাদের মতের পার্থক্য থাকতে পারে। তবে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংসদকে কার্যকর করতে চাইলে এই সংসদে মানুষের দুঃখ-কষ্ট নিয়ে আলোচনা হতে হবে। সেই আলোচনা না হলে সবাই এখানে বললেও কিছু হবে না। সংসদের বাইরের কথাই কেন্দ্রবিন্দু হবে। যারা বাইরে আছে তাদের কথাই গণমাধ্যমে প্রাধান্য পাবে।
তিনি বলেন, দলের প্রতি অবশ্যই আনুগত্য থাকতে হবে। কিন্তু সব সময় দলের চেয়ে রাষ্ট্র ও জনগণ বড়। সরকারি দলের সদস্যদের বলব, এই দেশে কী কোনো ভুল হয় না? কই আপনারা তো সেই ভুল ধরে দেন না। সংসদে সেই বিষয় নিয়ে কোনও আলোচনাও করেন না।





