টাইগারদের প্রস্তুতি ক্যাম্প এবার সিলেটে

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ শেষ হয়েছে কিছুদিন আগেই। এবার আইরিশদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলার পালা। আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগের অন্তর্ভূক্ত ওই সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প হবে সিলেটে। বরাবরের মতো মিরপুর শেরে বাংলায় প্রস্তুতি ক্যাম্প না করে সিলেটে নেওয়ার কারণ জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস।

আজ সোমবার মিরপুর শেরেবাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেন, ‘খুব সম্ভবত ২৬-২৭ (এপ্রিল) তারিখের দিকে ক্যাম্প হবে। ইংল্যান্ডের উদ্দেশে দল দেশ ছাড়বে ১ (মে) তারিখে। উইকেট-কন্ডিশনের কথা চিন্তা করে সিলেটে ঠিক করা হয়েছে। ওখানের উইকেটটা বিশেষ করে। ,প্রধান কোচই এটা ঠিক করেছেন যে, সিলেট হলে ভালো। ঢাকা থেকে বাইরে দূরের কোনো ভেন্যুতে ক্যাম্প করার চিন্তাভাবনা ছিল তার। সেক্ষেত্রে সিলেট ভেন্যুকে সবচেয়ে ভালো মনে করা হয়েছে।’

ইংল্যান্ডের চেমসফোর্ডে আগামী ৯, ১২ ও ১৪ মে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দল সেখানে পৌঁছবে ২ মে। প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের চাওয়ায় প্রায় ১ সপ্তাহ আগেই সেখানে যাওয়া হচ্ছে বলে জানালেন জালাল, ‘ওখানে পৌঁছানোর পর অনুশীলন আছে, ৫ তারিখে একটা প্রস্তুতি ম্যাচ আছে। ওরা (আয়ারল্যান্ড) চেয়েছিল, আরও কিছুদিন কমাতে। কিন্তু আমরা চেয়েছি, সিরিজ শুরুর আগে কয়েকদিন অনুশীলন করতে। এটাও প্রধান কোচ চেয়েছিল যে, কিছু দিন বাড়ানো যায় কি না। সেজন্যই আমরা কিছু দিন যোগ করেছি।’