মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচের আগে যে বার্তা দিলেন লিটন

গেল দুই দিন আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল লিটন দাসের। ঘরের মাঠ ইডেন গার্ডেনসে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সে সম্ভাবনা উঁকি দিয়েছিল। মূলত কেকেআরের দলীয় প্রচারই বাংলাদেশি দর্শকরা সেই আশা করেছিল। কিন্তু এদেশের দর্শকদের মতো লিটনের সেই স্বপ্ন পূরণ হয়নি।

আজ (১৬ এপ্রিল) বিকেলে চলতি আইপিএলের ২২তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে কেকেআর। এই ম্যাচে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় এক বার্তা দিয়েছেন কলকাতার টাইগার ওপেনার লিটন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে কেকেআরের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন লিটন। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘নাইট রাইডার্স আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত!’

অবশ্য ম্যাচের দিন লিটনের এমন পোস্টে কেকেআরের একাদশে থাকার স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। তবে বাংলাদেশি সমর্থকদের মনে কিছুটা আশার আলো তৈরি হয়েছে। এমনটা হলে রোহিতদের বিপক্ষেই কেকেআরের ম্যাচ জার্সি প্রথমবার গায়ে তুলবেন লিটন।

যদিও কলকাতার বাস্তবতা বলছে ভিন্ন কথা। কেননা ওপেনার হিসেবে কলকাতায় বিদেশি কোটায় খেলছেন রহমানউল্লাহ গুরবাজ। গত ম্যাচে রান না পেলেও আগের তিন ম্যাচে তার ফর্মের প্রমাণ মিলেছে। এ ছাড়া ডাগআউটে রয়েছেন আরেক ইংলিশ ওপেনার জেসন রয়।

সাকিবের বদলে আইপিএলে সুযোগ পাওয়া রয়ই লিটনের লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী। আসরের শুরু থেকে গত ম্যাচেও টপ অর্ডারে ব্যর্থ কলকাতা লিটন-রয় কাউকেই একাদশ এবং ইম্প্যাক্ট প্লেয়ারের তালিকায় রাখেনি কলকাতা।

সেই দোলাচলের মধ্যেই বাংলাদেশের এই ক্লাসিক ব্যাটার ফেসবুকে বার্তা দিয়েছেন। তাই মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচের একাদশে লিটন জায়গা পান কিনা সেটাই এখন দেখার বিষয়।