এবার চাই আতর টুপি তসবিহ

ঈদ শপিংয়ের শেষভাগে থাকে আতর, টুপি, তসবিহ ও জায়নামাজ। রাজধানীর বায়তুল মোকাররম ও গুলিস্তানের বিভিন্ন বিপণি বিতান এসব পণ্যের বড় বাজার। এ ছাড়া ঢাকার ছোট-বড় মার্কেট, ফুটপাত ও মসজিদের সামনেও পাবেন এসব পণ্য। বাজার ঘুরে লিখেছেন আতিফ আতাউর

নতুন জামা, জুতা কেনার পর থাকে ছোট ছোট জিনিস কেনার টুকটাক ব্যস্ততা। ঈদের দিন সবাই নতুন জামা, জুতা ও পাঞ্জাবিতে সাজতে পছন্দ করে। ঈদ জামাতে নতুন পাঞ্জাবি-পায়জামার সঙ্গে দরকার হয় আরো কিছু জিনিস, বিশেষ করে আতরের সুঘ্রাণ ছাড়া যেন ঈদের সকাল জমে না। পাশাপাশি নতুন টুপি, জায়নামাজ ও সুন্দর একটি তসবিহ থাকা চাই। ঈদ শপিংয়ে শেষ মুহূর্তের কেনাকাটায় মূলত এই চারটি জিনিস কেনার ব্যস্ততাই বেশি থাকে। রাজধানী ঢাকাসহ সারা দেশেই ছোট-বড় শপিং মল, দোকানপাট, ফুটপাত ও মসজিদের সামনে আতর, টুপি, তসবিহ ও জায়নামাজের দোকান বসে। তবে এসব পণ্যের সবচেয়ে বড় মার্কেট ঢাকার বায়তুল মোকাররম মসজিদ মার্কেট ও এর আশপাশের ফুটপাত এবং গুলিস্তান এলাকা।

আতর

হালকা, মৃদু ও কড়া এই তিন ধরনের আতর পাবেন দোকানে। কারো পছন্দ হালকা সুগন্ধ, কারো বা কড়া। কেউ কেউ বেছে নেন দুটির মাঝামাঝি মৃদু সুগন্ধ। কম বয়সীরা একটু হালকা সুগন্ধির প্রতি আকৃষ্ট হলেও বেশি বয়সীদের পছন্দ কড়া সুগন্ধ। দোকানে দেশি, পাকিস্তানি, ভারতীয়, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আতরই বেশি পাওয়া যায়। এসব আতরের যেমন সুগন্ধ, তেমনি বাহারি নাম—জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদৌস, হাজরে আসওয়াদ, সুলতান, উদ, আল হারমাইন শেখ, কস্তুরি, আল ফারেজ, আলিফ, মেশক আম্বার ইত্যাদি। ছোট, বড় ও মাঝারি নানা আকৃতির নান্দনিক সৌন্দর্যের কাচের বোতলে আতর কিনতে পাওয়া যায়। দাম পড়বে ১০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত।

টুপি নানা আকৃতি ও নকশার টুপি পাবেন দোকানে। দেশি-বিদেশি এসব টুপির কাটিংয়েও পার্থক্য পাবেন। পেশোয়ারি, সোলেমানি, রুমি, ওমানি, মিসরীয়, মুম্বাই, আফগান, পাকিস্তানি টুপি পাওয়া যায়। দেশি টুপির দাম পড়বে ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে। একটু ভালো কিনতে চাইলে দাম পড়বে ২০০ থেকে ১৫০০০ টাকা পর্যন্ত।

জায়নামাজ

বৈচিত্র্যময় নকশা ও ম্যাটেরিয়ালের জায়নামাজে ভরপুর এখনকার দোকান। সুতি, মখমল, সিলিকন, পশমিসহ নানা রকম জায়নামাজ পাওয়া যাবে মার্কেটে। ক্রেতাদের মধ্যে নকশা করা জায়নামাজের চাহিদাই বেশি। তবে নকশা ছাড়া জায়নামাজও বেছে নিতে পারবেন। জায়নামাজের দাম নির্ভর করে ম্যাটেরিয়াল ও নকশার ওপর। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, কাশ্মীর, বেলজিয়াম, চীন, সৌদি আরব ও কাতারের জায়নামাজ কিনতে পারবেন। দাম পড়বে ৫০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত।

তসবিহ

কাঠ, প্লাস্টিক, মুক্তা, পাথর, হাতির দাঁত, হরিণের শিং, ক্রিস্টালসহ নানা উপাদানে তৈরি তসবিহ পাওয়া যাবে বাজারে। ২৫ গুটি, ৫০ গুটি থেকে শুরু করে ১০০, ২০০, ২৫০ এবং সর্বোচ্চ ৫০০ গুটির তসবিহ পাওয়া যায় বাজারে। আবার ডিজিটাল তসবিহরও বেশ কদর এখন। দাম ৫০ থেকে ১০ হাজার টাকার মধ্যে।