ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করেছেন ব্রাজিলের গোলরক্ষক ফাবিও। শনিবার (১৬ আগস্ট) ব্রাজিল সেরি আ-তে ফোর্টালেজার বিপক্ষে ফ্লুমিনেন্সের হয়ে মাঠে নামার মাধ্যমে, তিনি ছুঁয়ে ফেলেন ইংল্যান্ডের কিংবদন্তি পিটার শিল্টনের ২৮ বছরের পুরোনো বিশ্বরেকর্ড।
ফাবিও ফোর্টালেজারের বিপক্ষে ১,৩৯০তম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে মাঠে নামে। ম্যাচে ফ্লুমিনেন্স ২-১ গোলে জয়লাভ করে। ৪৪ বছর বয়সী ফাবিওর ২৮ বছরের পেশাদার ক্যারিয়ার। তিনি উনিয়াও বান্দেইরান্তে (৩০ ম্যাচ), ভাস্কো দা গামা (১৫০), ক্রুজেইরো (৯৭৬) এবং ফ্লুমিনেন্সের হয়ে ২৩৪টি ম্যাচ খেলেছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) কোপা সুদআমেরিকানার শেষ ষোলোর দ্বিতীয় লেগে আমেরিকা দে কালির বিপক্ষে খেলতে নামলে ফাবিও শিল্টনের রেকর্ডকে পেছনে ফেলবেন। কারণ ফ্লুমিনেন্সের প্রথম একাদশে তিনি নিয়মিত অংশগ্রহণ করেন।
পিটার শিল্টন নিজেই ২০২৩ সালে বলেছিলেন যে, ফাবিও তার রেকর্ডের দিকে এগিয়ে আসছেন এবং রেকর্ড ভাঙলে তিনিই প্রথম ব্যক্তি হিসেবে ফাবিওকে অভিনন্দন জানাবেন।
শিল্টনের ক্যারিয়ার ছিল ১৯৬৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত। গিনেস এবং অন্যান্য পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট তার মোট ম্যাচ সংখ্যা ১,৩৯০ বলে উল্লেখ করেছে, তবে শিল্টন নিজে দাবি করেছেন তার খেলানো ম্যাচ ১,৩৮৭টি।
তিনি ১৬টি অনানুষ্ঠানিক ম্যাচ গিনেসের গণনায় অন্তর্ভুক্ত করতে অস্বীকার করেছিলেন এবং ১৩টি ম্যাচ যুক্ত করেছেন যা সাধারণত গণ্য হয় না।
ফাবিও তার রেকর্ড ছোঁয়ার পর বলেন, ঈশ্বর আমাকে এই উপহার দিয়েছেন। আমার পরিবার, বন্ধুরা, সহকর্মীরা, সবাইকে ধন্যবাদ জানাই। আমি সবসময় একজন ভালো মানুষ হতে চাই এবং সতীর্থদের সাহায্য করাই আমার প্রধান উদ্দেশ্য। আমি কৃতজ্ঞ তবে ঈশ্বর ছাড়া কিছুই সম্ভব নয়।
তিনি আরও যোগ করেন, এই ম্যাচগুলো কখনোই সহজ ছিল না। আমরা সবসময় শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে খেলি। আমাদের লক্ষ্য শিরোপা জয় এবং আমরা সেই লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছি।





