অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট অধিনায়ক মাইকেল ক্লার্ক আবারও ত্বকের ক্যান্সারের কারণে অস্ত্রোপচার করাতে বাধ্য হয়েছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করা এই অজি তারকা বুধবার (২৭ আগস্ট) নাকে অস্ত্রোপচার করান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিজ্ঞতা শেয়ার করেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির সঙ্গে ক্লার্ক লেখেন, ত্বকের ক্যান্সার বাস্তব ঘটনা! বিশেষ করে অস্ট্রেলিয়াতে। আজ আমার নাক থেকে আরেকটি ক্যান্সার কেটে ফেলা হয়েছে। নিয়মিত আপনার ত্বকের যত্ন নিন। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। তবে আমার ক্ষেত্রে, নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক সনাক্তকরণ গুরুত্বপূর্ণ।
২০০৬ সালে প্রথমবার জনসম্মুখে নিজের ত্বকের ক্যান্সারের বিষয়টি জানান ক্লার্ক। এরপর থেকে নিয়মিত অস্ত্রোপচারের মাধ্যমে তিনি চিকিৎসা নিচ্ছেন। একইসঙ্গে ভক্ত ও সাধারণ মানুষকে ত্বকের যত্ন ও নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ক্লার্ক। তার অধিনায়কত্বে অস্ট্রেলিয়া ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতে। একই বছর আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নেন তিনি।





