জাতীয় নির্বাচনের আড়ালে কিছুটা স্তিমিত হলেও সামনে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। কদিন আগে শোনা যাচ্ছিল, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখে ‘অ্যাডহক কমিটি’ গঠনের চিন্তা করছে বিসিবি। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে বিসিবি আনুষ্ঠানিকভাবে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫ উপলক্ষে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী কমিশনের দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন:
১. অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন,(সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও প্রধান নির্বাচন কমিশনার)
২. মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম (অতিরিক্ত মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ ও প্রধান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) – নির্বাচন কমিশনার)
৩. জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) নির্বাচন কমিশনার
বিসিবির সংবিধান ও বিধিবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য এই কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত বোর্ড সভায় অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ বিসিবি নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। চার বছর পর গঠনতন্ত্র অনুযায়ী এবার আবারও নতুন পরিচালনা পর্ষদ গঠনে ভোট হবে।





