চুপিচুপি বিয়ে সারলেন কঙ্গনা রানাওয়াত?

বলিউড থেকে রাজনীতি সবসময়ই যিনি চর্চায় থাকেন, তিনি আর কেউ নন, টলিউড-বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত! কিন্তু শুক্রবার সকাল থেকেই নেটদুনিয়ায় রীতিমতো তোলপাড়। কারণ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মান্ডির সাংসদ তথা বলিউড কুইনকে দেখা গেল একেবারে নতুন বউয়ের সাজে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কপালে টিপ, চোখে সানগ্লাস, আর সবচেয়ে বেশি যা নজর কেড়েছে তা হলো তাঁর সিঁথির সিঁদুর ও গলার মঙ্গলসূত্র!

একটি আবাসন থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে গেলেন কঙ্গনা। আর তাঁর এই ‘বিবাহিতা’ রূপ দেখেই নেটপাড়ায় একটাই প্রশ্ন তবে কি সত্যিই চুপিচুপি সাত পাকে বাঁধা পড়লেন কঙ্গনা রানাওয়াত? আর পাত্রটি কে? তিনি কি চিরাগ পাসোয়ান?

সম্প্রতি ভোপালের ত্বিষা শর্মার মর্মান্তিক মৃত্যু নিয়ে মন্তব্য করতে গিয়ে বিয়ে নিয়ে অনেক উপদেশ দিয়েছিলেন কঙ্গনা। আর তার রেশ কাটতে না কাটতেই তাঁর এই ‘বিবাহিতা’ অবতার প্রকাশ্যে আসায় গুঞ্জন আরও তীব্র হয়।

নেটপাড়ার একাংশ তো ধরেই নিয়েছেন যে, লোকসভার হ্যান্ডসাম সাংসদ চিরাগ পাসোয়ানকেই হয়তো গোপনে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন কঙ্গনা। চারদিকে যখন এই নিয়ে তুমুল হইচই, ঠিক তখনই সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুললেন খোদ কঙ্গনা রানাওয়াত।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল হওয়া সেই ছবি শেয়ার করে কঙ্গনা নিজেই জানিয়েছেন আসল সত্য। অভিনেত্রী স্পষ্ট করে দেন যে, এটি নেহাতই তাঁর আগামী কোনও প্রজেক্টের শুটের লুক। কঙ্গনা হাসিমুখে লেখেন, আমি প্রতিদিন শহরের এদিক-ওদিক শুটিং করে বেড়াচ্ছি। কোনও একটি চরিত্রের এই লুক লেন্সবন্দি করে কেউ ছড়িয়ে দিয়েছে। আর তারপর থেকেই আমার ফোন সমানে বেজেই চলেছে।

নেটদুনিয়ার এই মাতামাতি দেখে বেশ মজাই পেয়েছেন অভিনেত্রী। এই গুঞ্জন হেসে উড়িয়ে দিয়ে তিনি আরও বলেন, একজন অভিনেত্রী হিসেবে বিবাহিত মহিলার সাজে পর্দায় এলে এত বাড়াবাড়ির কী আছে? অভিনেতাদের তো সব রকম চরিত্রেই কাজ করতে হয়।

তবে অনুরাগীদের আশ্বস্ত করে কঙ্গনা সোজাসাপ্টা ভাষায় প্রমিজ করে বলেছেন, আমি গোপনে বিয়ে করব না, কথা দিচ্ছি। কঙ্গনার এই মন্তব্যের পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁর ভক্তরা। অনেকেই অবশ্য প্রথম থেকেই আন্দাজ করেছিলেন, এটি হয়তো তাঁর ব্লকবাস্টার সিনেমা ‘কুইন’-এর সিক্যুয়েল অর্থাৎ ‘কুইন ২’ ছবির শুটিংয়ের দৃশ্য!