ইসলামী জ্ঞান বিস্তার, ধর্মীয় সচেতনতা বৃদ্ধি এবং মুসল্লি ও দর্শনার্থীদের ঈমানি ও জ্ঞানগত সমৃদ্ধির লক্ষ্যে মসজিদে নববীতে শুরু হচ্ছে বিশেষ শিক্ষামূলক কর্মসূচি ‘ধর্মের অপরিহার্য বিষয়াবলী’।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, পবিত্র দুই মসজিদের ধর্মীয় বিষয় সংক্রান্ত সাধারণ প্রেসিডেন্সির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি নতুন হিজরি বছর মহররমের প্রথম দিন পর্যন্ত চলবে।
কর্মসূচিতে দেশের শীর্ষস্থানীয় আলেম ও সম্মানিত শায়খরা ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ধর্মীয় পাঠ, আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তৃতা প্রদান করবেন। এতে ইসলামের মৌলিক বিষয়সমূহ, আকিদা, ফিকহ, হাদিস, আখলাক ও চরিত্র গঠনের বিভিন্ন দিক তুলে ধরা হবে। পাশাপাশি ইসলামী জ্ঞানের গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত গ্রন্থ ও কিতাবের ব্যাখ্যাও উপস্থাপন করা হবে।
প্রেসিডেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, মসজিদে নববী ও এর সম্প্রসারিত অংশের বিভিন্ন স্থানে এ পাঠচক্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ফলে মসজিদে আগত মুসল্লি, জ্ঞানপিপাসু শিক্ষার্থী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীরা সহজেই এসব শিক্ষামূলক অধিবেশনে অংশগ্রহণের সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ ধরনের জ্ঞানসমৃদ্ধ কর্মসূচি মদিনায় অবস্থানরত মুসলিমদের ধর্মীয় উপলব্ধি গভীর করবে, তাদের ঈমানি চেতনাকে আরো শক্তিশালী করবে এবং ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনে সহায়তা করবে। মসজিদে নববীতে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ মুসলিম উম্মাহর মধ্যে বিশুদ্ধ জ্ঞান ও সঠিক ধর্মীয় মূল্যবোধ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





