তেল ট্যাঙ্কারে মার্কিন হামলায় দুই ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ দিল্লির

ওমান উপকূলে একটি তেল ট্যাঙ্কারে মার্কিন সামরিক বাহিনীর হামলায় অন্তত দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফরওয়ার্ড সীমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এফএসইউআই)-এর সাধারণ সম্পাদক মনোজ যাদবের বরাত দিয়ে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে ওমানের উপকূলে ‘সেত্তেবেলো’ (Settebello) নামের তেল ট্যাঙ্কারটিতে মার্কিন বাহিনী এই হামলা চালায়।

হামলায় নিহত দুই ভারতীয় নাবিক হলেন— আদিত্য শর্মা (ডেক ক্যাডেট), শিবানন্দ চৌরাসিয়া (ইঞ্জিন ফিটার)।

এছাড়া ট্যাঙ্কারটির চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ নামে এক ভারতীয় নাবিক এখনও নিখোঁজ রয়েছেন বলে এফএসইউআই জানিয়েছে।

এই প্রাণঘাতী হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন ডেপুটি চিফ অফ মিশন জেসন মিকসকে তলব করে। ভারতের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি কড়া প্রতিবাদ লিপি হস্তান্তর করা হয়েছে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে হামলার কথা স্বীকার করেছে। তাদের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় ওমান উপসাগর অতিক্রম করার সময় ‘সেত্তেবেলো’ ট্যাঙ্কারটির ওপর একটি সুনির্দিষ্ট হামলা চালানো হয়।

মার্কিন বাহিনীর দাবি অনুযায়ী, ওই ট্যাঙ্কারটি ইরানের তেল বহন করছিল। ট্যাঙ্কারে থাকা নাবিকরা মার্কিন সামরিক বাহিনীর দেওয়া দিক-নির্দেশনা ও আদেশ মানতে ব্যর্থ হওয়ার পরই এই হামলা চালানো হয়। সূত্র- আল জাজিরা