ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসমুখর পরিবেশ দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসো। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, মনে হচ্ছে আমি আর্জেন্টিনাতেই আছি।
সোমবার রাতে আর্জেন্টিনার ম্যাচ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগ থেকেই মাঠে জড়ো হতে থাকেন শিক্ষার্থী ও ফুটবলপ্রেমীরা। রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও রাত ৯টার পর থেকেই পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। আর্জেন্টিনার পতাকা, জার্সি ও নানা সাজসজ্জায় মুখর হয়ে ওঠে মাঠ।
অনুষ্ঠানে উপস্থিত আর্জেন্টাইন ইনফ্লুয়েন্সার রুলি বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ, তোমাকে ভালোবাসি।”
এ সময় মুহসীন হল ছাত্রদলের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসো বলেন, এখানে এসে আমি নিজের দেশের মতো অনুভব করছি। আপনাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে আমি আর্জেন্টিনাতেই আছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্জেন্টিনার ভ্রমণ লেখক ড্যান লান্দে, সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গন্ডেল এবং সান্তিয়াগো কন্দে। তাদের উপস্থিতিতে মুহসীন হল মাঠ যেন এক টুকরো আর্জেন্টিনায় পরিণত হয়।





