কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।

মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলাটির কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষ্যগ্রহণ শুরুর আগে মামলার সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করা হবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে।

গত ১৭ জুন এই কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পরিবর্তন করে ২৩ জুন নির্ধারণ করা হয়।

এর আগে গত ৩০ এপ্রিল ট্রাইব্যুনাল কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

প্রসিকিউশনের দাখিল করা অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে উসকানি দিয়েছেন। অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে তারা আন্দোলনরত ছাত্র-জনতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে প্ররোচনা দিয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, তাদের ভূমিকার ধারাবাহিকতায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়, যার ফলে রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় ২৩ জন নিহত এবং বহু মানুষ আহত হন।

এই মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।