ব্রাজিলের গোল ৪, মেসির একারই ৫

আবারও জাদুকরি পারফরম্যান্সে গোটা বিশ্বকে বুঁদ করেছেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করলেও, সেই আক্ষেপ ভুলে আর্জেন্টাইন অধিনায়ক করেছেন জোড়া গোল। তার একক নৈপুণ্যেই প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় ম্যাচে মেসি গড়েছেন বেশ কয়েকটি ইতিহাস। প্রথম গোলের পরেই তিনি বনে যান বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। আর ইনজুরি সময়ের গোলে নিজের গোল টালি নেন আরও বাড়িয়ে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন মেসি। বিশ্বকাপ মঞ্চে যা মেসির প্রথম হ্যাটট্রিক। এরপর গতকাল রাতে অস্ট্রিয়ার জালে তিনি বল পাঠালেন আরও দুইবার। ফলে এই বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা (৫) আর্জেন্টাইন মহাতারকাই।

মজার ব্যাপার হচ্ছে, মেসির সমান গোল নেই এই বিশ্বকাপে অংশ নেওয়া অনেক দলেরই। আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের পর হু স্কোর জানায়, চলতি বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের মধ্যে ৪০টি দল এখনো ৫ গোল করতে পারেনি।

এদিকে, আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকদেরও হতাশ করবে মেসির গোলের পরিসংখ্যান। এই বিশ্বকাপে দুই ম্যাচ খেলে পুরো ব্রাজিল দল করেছে ৪ গোল, সেখানে মেসি একাই করেছেন ৫টি!

মেসির গোলসংখ্যা বিশ্বকাপের আরেক হট ফেবারিট স্পেনের থেকেও বেশি। স্পেনেরও গোলসংখ্যা ৪টি। সেটি এক ম্যাচে সৌদি আরবের বিপক্ষেই করে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নরা।

মেসির ইতিহাস গড়ার রাতে আর্জেন্টিনা নিশ্চিত করে ফেলেছে নক-আউট পর্ব। গ্রুপ পর্বে শীর্ষে থেকেই শেষ ৩২-এ নাম লেখাবেন মেসিরা। যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে অথবা সৌদি আরব।

গ্রুপ ‘এইচ’-এ থাকা এই দল চারটির মধ্যে যারা দ্বিতীয় হয়ে নক-আউট পর্বে নাম লেখাবে তারাই হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ।