বিশ্বকাপের মাঝেই শোক, দেশে ফিরেছেন ফ্রান্সের কোচ

বিশ্বকাপের ব্যস্ত মঞ্চে ব্যক্তিগত শোকের কারণে আকস্মিকভাবে টুর্নামেন্ট ছাড়ছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে ফ্রান্সে ফিরে যাচ্ছেন। ফলে গ্রুপ ‘আই’-এর শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে ফ্রান্স দলের ডাগআউটে থাকবেন না এই অভিজ্ঞ কোচ।

মঙ্গলবার (২৩ জুন) ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, আগামী শুক্রবারের ম্যাচে দেশম দলের দায়িত্বে থাকছেন না।

ফেডারেশন আরও জানায়, মঙ্গলবার সকালে তিনি মায়ের মৃত্যুর দুঃসংবাদ পান। শেষকৃত্যে অংশ নেওয়ার জন্যই তার দেশে ফেরার সিদ্ধান্ত।

এফএফএফের বিবৃতিতে বলা হয়, ‘মায়ের মৃত্যুর কারণে দিদিয়ে দেশম আগামী ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না।’

দেশমের অনুপস্থিতি ফ্রান্স দলের জন্য মানসিকভাবে একটি বড় ধাক্কা হলেও দলীয় প্রস্তুতি ও ম্যাচ পরিকল্পনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ফেডারেশন।