২ গোল করেও যেন নেই শান্তি, মেসিকে নিয়ে প্রশ্ন করতেই বিরক্ত রোনালদো

বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের জয়ে জোড়া গোল করে ইতিহাস গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের লিওনেল মেসি সংক্রান্ত প্রশ্নে বিরক্ত হয়ে আলোচনার কেন্দ্রেও চলে আসেন পর্তুগাল অধিনায়ক।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সম্ভাব্য ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো বলেন, ‘এটা নিয়ে এখন কিছু বলা কঠিন। তবে এমন ম্যাচ হলে অবশ্যই দারুণ হবে।’

এরপর আরেক সাংবাদিক মেসির সাম্প্রতিক পারফরম্যান্সের প্রসঙ্গ তুলে প্রশ্ন শুরু করতেই তাকে মাঝপথে থামিয়ে দেন রোনালদো এবং অন্য সাংবাদিকের দিকে মনোযোগ দেন। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে মাঠের পারফরম্যান্সেই সবচেয়ে বড় খবর তৈরি করেছেন ৪১ বছর বয়সী এই তারকা। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসে ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হয়েছেন। পাশাপাশি তিনি পর্তুগালের কিংবদন্তি ইউসেবিয়োর আন্তর্জাতিক গোলের রেকর্ডও ছাড়িয়ে গেছেন।

এছাড়া ৪১ বছর ১৩৮ দিন বয়সে বিশ্বকাপে জোড়া গোল করে তিনি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ‘ব্রেস’ করা খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন। এর আগে এই কীর্তির রেকর্ড ছিল মেসির দখলে।

নিজের পারফরম্যান্স নিয়ে রোনালদো বলেন, ‘আমি সবসময় ফিরে আসি। আগে বা পরে, আমি থাকবই। আমি আমার কাজের ওপর বিশ্বাস রাখি। কঠোর পরিশ্রম যারা করে, ঈশ্বর তাদের সাহায্য করেন।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল। আমরা যখন ভালো খেলি না বা জিততে পারি না, তখন সমালোচনা আসে। বিশেষ করে আমাকে ঘিরে। কিন্তু আমি এতে অভ্যস্ত।’

ম্যাচ শেষে ক্যামেরার দিকে তাকিয়ে রোনালদোর সংক্ষিপ্ত বার্তা ছিল, ‘আমি ফিরে এসেছি।’ তার ভাষায়, ‘অনেকেই ভেবেছিল আমি ফুটবল থেকে শেষ হয়ে গেছি। কিন্তু আমি কখনও হাল ছাড়িনি। কঠিন সময় ছিল, কিন্তু আমরা আবার ফিরে এসেছি।’