নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

চলমান আলোচনার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ওয়াশিংটনের কূটনীতি ও যুদ্ধবিরতি-সংক্রান্ত প্রতিশ্রুতির প্রতি অনীহা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের একজন জ্যেষ্ঠ সদস্য।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইবরাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, “যুক্তরাষ্ট্র আবারও আলোচনার মধ্যেই ইরানের ওপর হামলা চালিয়েছে।”

আজিজির অভিযোগ, “ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট প্রমাণ করেছেন যে, তিনি আলোচনার নীতি কিংবা যুদ্ধবিরতির শর্ত মেনে চলার কোনও প্রতিশ্রুতিই রক্ষা করেন না।”

তিনি আরও বলেন, যুদ্ধবিরতির এই ‘বেপরোয়া লঙ্ঘন’ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে।

তার ভাষায়, “অতীতের মতো এবারও এর পরিণতি হবে যুক্তরাষ্ট্রের পিছু হটা ও অনুতাপ। দোষ চাপিয়ে দেওয়ার পুরোনো কৌশল এখন আর কাজ করবে না।”

আজিজির এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন ইরানের আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ইরানের ওপর চালানো হামলার জবাবে তাদের নৌবাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ চলমান আলোচনার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। অন্যদিকে, ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানি পাল্টা হামলার বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। সূত্র: আল-জাজিরা