মেসি খেলবেন নাকি বিশ্রামে-জানিয়ে দিলেন স্কালোনি

অবশেষে উত্তর মিলল! বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরু থেকেই মাঠে দেখা যাবে না লিওনেল মেসিকে। সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, দলের অধিনায়ক বেঞ্চে থেকেই ম্যাচ শুরু করবেন। তবে ম্যাচের কোনো এক সময় তাকে মাঠে নামানো হবে বলেও জানিয়েছেন তিনি।

ডালাস স্টেডিয়ামে রবিবারের ম্যাচের আগে এক প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘লিও বেঞ্চে থেকেই শুরু করবে। পরে ম্যাচের কোনো এক সময় সে মাঠে নামবে। আমি দল চূড়ান্ত করে ফেলেছি।’

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচটি গোলই করেছেন মেসি। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে আগেই শেষ ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তাইতো গ্রুপ পর্বের শেষ ম্যাচে কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সুযোগ পাচ্ছেন স্কালোনি।

তবে তিনি জোর দিয়ে বলেছেন, এটি কোনো দুর্বল দল নামানোর সিদ্ধান্ত নয়, ‘যারা খেলবে, তারা প্রত্যেকেই এই সুযোগের যোগ্য। অনুশীলনে তারা যে পরিশ্রম করেছে, সেটারই পুরস্কার এটি। সবাই দারুণ মানের ফুটবলার।’

স্কালোনি আরও বলেন, একজন কোচ হিসেবে তার লক্ষ্য হলো, মাঠে যে-ই খেলুক না কেন, দলের পারফরম্যান্স যেন একই মানের থাকে, ‘এই জার্সি গায়ে তুলে মাঠে নামলে ম্যাচের গুরুত্ব আলাদা থাকে না। সবাই জয়ের জন্যই খেলবে। প্রথম দিনের মতোই আমাদের মানসিকতা রয়েছে।’

অন্যদিকে বিশ্বকাপে অভিষেক হওয়া জর্ডান ইতোমধ্যেই টানা দুই হারে বিদায় নিশ্চিত করেছে। শেষ ম্যাচে সম্মান রক্ষার লড়াইয়ে নামবে দলটি। স্কালোনির ধারণা, রক্ষণাত্মক কৌশল নিয়েই খেলবে জর্ডান।

তিনি বলেন, ‘জর্ডান সাধারণত পাঁচজন রক্ষণভাগের খেলোয়াড় নিয়ে খেলে। ম্যাচে যদি আমরা সমস্যায় পড়ি, তাহলে কৌশলে কিছু পরিবর্তন আনতে হতে পারে। প্রতিপক্ষ কীভাবে খেলছে, সেটির ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও জর্ডান। তার আগেই অবশ্য নকআউট নিশ্চিত করে ফেলেছে মেসির দল। যেখানে ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে।