শেষ ম্যাচে জিতলেই বিপাকে পড়বে এই ২ দল

গ্রুপ ‘জে’-র শেষ ম্যাচে আজ শনিবার মুখোমুখি হচ্ছে অস্ট্রিয়া ও আলজেরিয়া। টেবিলের যা সমীকরণ, তাতে ম্যাচটি ড্র করলেই দুই দলের নকআউট পর্ব বা শেষ ষোলো নিশ্চিত। তবে অদ্ভুত এক জটিলতার কারণে এই ম্যাচে জয়ী দলই উল্টো বড় বিপাকে পড়তে পারে! আপাতদৃষ্টিতে ড্র করাই যেখানে লাভজনক, সেখানে দুই দলের কোচই সাফ জানিয়ে দিয়েছেন-তাঁরা জয়ের জন্যই মাঠে নামবেন।

বর্তমানে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া ও আলজেরিয়া। মাঠের লড়াই শুরুর আগেই দুই দল জেনে যাবে নকআউটের সূচি কেমন হতে যাচ্ছে। সমীকরণ বলছে, এই ম্যাচে জিতে গ্রুপ রানার্সআপ (দ্বিতীয়) হলে শেষ ষোলোতে মুখোমুখি হতে হবে শক্তিশালী স্পেনের, যারা কি না ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। অন্যদিকে, ম্যাচ ড্র হলে রানার্সআপ নির্ধারণের হিসাব থাকবে, তবে কোনো দল যদি তৃতীয় হয়ে পরের রাউন্ডে যায়, তবে তাদের প্রতিপক্ষ হবে তুলনামূলক সহজ দল সুইজারল্যান্ড।

ধারে-ভারে স্পেনের চেয়ে সুইজারল্যান্ড সহজ প্রতিপক্ষ হওয়ায় গুঞ্জন উঠেছিল, দুই দলই হয়তো আজ সমঝতার ড্রয়ের খোঁজে থাকবে। তবে অস্ট্রিয়ার অভিজ্ঞ কোচ রাল্ফ রাংনিক এই ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেন, একদমই না। ড্র করলে হয়তো পরের রাউন্ড নিশ্চিত হবে, কিন্তু ড্রয়ের মানসিকতা নিয়ে মাঠে নামা যায় না। আমরা আমাদের স্বাভাবিক খেলাই খেলব।

একই সুর আলজেরিয়ার ডাগআউটেও। দলটির কোচ ভ্লাদিমির পেতকোভিচ বলেন, “ফুটবলে ‘যদি-কিন্তু’র কোনো জায়গা নেই। আমাদের সবসময় জয়ের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নামতে হবে। ম্যাচের পর কী সমীকরণ দাঁড়াবে, তা পরেই দেখা যাবে।” অস্ট্রিয়ান মিডফিল্ডার কনরাড লাইমারও কোচের সুরে সুর মিলিয়ে জানিয়েছেন, প্রতিপক্ষ কে তা নিয়ে না ভেবে তাঁরা জয়ের জন্যই লড়বেন।

এই ম্যাচের আবহ অবশ্য ফুটবলপ্রেমীদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে ১৯৮২ সালের বিশ্বকাপে। স্পেনের গিহন শহরের সেই ম্যাচে পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়া এমন এক ‘লজ্জাজনক’ সমঝতার ম্যাচ খেলেছিল, যার ফলে দারুণ খেলেও টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল আলজেরিয়া। ফুটবলের ইতিহাসে ওই ম্যাচটি ‘গিহনের কলঙ্ক’ নামে পরিচিত। সেই কুখ্যাত ঘটনার পর থেকেই গ্রুপের শেষ ম্যাচগুলো একই সময়ে আয়োজনের নিয়ম চালু করে ফিফা।

পুরোনো সেই বিতর্ক প্রসঙ্গে রাংনিক বলেন, আমার খেলোয়াড়েরা হয়তো সংবাদপত্রের মাধ্যমে ইতিহাসটা জেনেছে। তবে ৪৪ বছর আগের সেই ঘটনা আজকের ম্যাচে কোনো প্রভাব ফেলবে না।

উল্লেখ্য, গ্রুপ পর্বে নিজেদের আগের ম্যাচগুলোতে অস্ট্রিয়া ও আলজেরিয়া দুই দলই আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছিল এবং জর্ডানকে হারিয়ে ৩ পয়েন্ট করে সংগ্রহ করেছে। জর্ডান ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় আজ দুই দলের সামনেই সুযোগ নকআউটের টিকিট কাটার।