ভারতের পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে কলকাতার ব্যবসায়ী মহলে। শনিবার (২৭ জুন) নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা একে অপরকে মিষ্টিমুখ করান। একই সঙ্গে বাংলাদেশি পর্যটকদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তারা।
বিকেলে মারকুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী সংগঠনগুলোর বৈঠকে বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা, সেবার মান এবং অবকাঠামোগত প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। পর্যটকদের সুবিধার্থে সিসিটিভি ক্যামেরাসহ নিরাপত্তা ব্যবস্থাও পর্যালোচনা করা হয়েছে।
ব্যবসায়ীরা জানান, দুই বছর আগে বাংলাদেশি পর্যটকরা যে পরিচিত কলকাতা দেখে গিয়েছিলেন, এবারও যেন একই অভিজ্ঞতা পান, সেটিই তাদের লক্ষ্য। তারা চান, কোনো ধরনের ভীতি বা অনিশ্চয়তা ছাড়াই বাংলাদেশি পর্যটকরা আবার কলকাতায় ভ্রমণ করতে আসুন।
২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ হয়ে যাওয়ার সবচেয়ে বড় প্রভাব পড়ে কলকাতার নিউ মার্কেট, মারকুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট ও লিন্ডসে স্ট্রিটের মতো পর্যটকনির্ভর ব্যবসায়িক এলাকায়। দীর্ঘ সময় ব্যবসা মন্দায় অনেক ব্যবসায়ী ঋণ নিতে বাধ্য হয়েছেন, কেউ ব্যবসা গুটিয়েছেন, আবার কেউ পেশাও পরিবর্তন করেছেন।





