কঠিন শাস্তি পেলেন উরুগুয়ের ফুটবলাররা

বিশ্বকাপে টানা দুই আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো উরুগুয়েকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় উরুগুয়ে। এর আগে সৌদি আরব ও কাবো ভার্দের বিপক্ষেও জয়ের দেখা পায়নি দলটি।

ফেডেরিকো ভালভার্দে, এমিলিয়ানো মার্তিনেজ এবং ব্রায়ান রদ্রিগেজদের নিয়ে গড়া দলটি গ্রুপে তৃতীয় স্থানে থেকে শেষ করে। দলের এই হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে উরুগুয়ে ফুটবল কর্তৃপক্ষ দেশে ফেরার জন্য নির্ধারিত চার্টার্ড বিমান বাতিল করে দেয়।

স্পেনের কাছে হারের পর দলের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যেই হতাশা প্রকাশ করেন কোচ মার্সেলো বিয়েলসা। আর্জেন্টাইন এই কোচ বলেন, “উরুগুয়ের ফুটবলে আমি কিছুই যোগ করতে পারলাম না।

তিন বছর কোচ হিসেবে কাজ করেছি। ফলাফল না এলে যত সমর্থনই থাকুক, তার কোনো মূল্য থাকে না। বিশ্বকাপ বাছাইয়ে চতুর্থ হওয়া বা কোপা আমেরিকায় তৃতীয় হওয়াও কোনো সাফল্য নয়। এই সময়টায় আমরা কিছুই অর্জন করতে পারিনি।”

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, পুরো দলের জন্যই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছিল এবং শেষ ম্যাচ পর্যন্ত খেলোয়াড়রা সেই সুবিধা ব্যবহার করছিলেন। তবে স্পেনের বিপক্ষে হারের পর সেই সুবিধা প্রত্যাহার করা হয়। ফলে খেলোয়াড়দের নিজ খরচে দেশে ফিরতে হয় এবং পুরো দল একসঙ্গে ফেরার সুযোগও মেলে না।