তিন দফতরে নতুন মহাপরিচালক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দফতরেসহ সরকারের গুরুত্বপূর্ণ তিনটি প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনস্থ আইসিটি অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন যুগ্মসচিব মাহফুজা আক্তার। এছাড়া একই বিভাগের অধীনস্থ জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক পদে যুগ্মসচিব মো. আশরাফুল মমিন খানকে নিয়োগ দেয়া হয়েছে।

পাশাপাশি যুগ্মসচিব এ কে এম শওকত আলম মজুমদার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ নভোথিয়েটারের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তা না হলে ওই দিন বিকালের মধ্যে তাঁরা বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজড বা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।