খামেনির জানাজায় তিন ছেলে, অনুপস্থিত বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিয়েছেন তাঁর তিন ছেলে মোস্তফা হোসেইনি খামেনি, মাসউদ হোসেইনি খামেনি এবং মেইসাম হোসেইনি খামেনি। তবে বাবার শেষ বিদায়ের এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তাঁর আরেক ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

আজ রোববার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে কফিনের পাশে দাঁড়িয়ে প্রয়াত নেতার তিন সন্তান জানাজার নামাজে অংশ নেন এবং শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। গত ফেব্রুয়ারির শেষ দিকে আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর এই প্রথম তাঁর তিন ছেলেকে একসঙ্গে জনসমক্ষে দেখা গেল।

এদিকে বাবার জানাজায় ইরানের বর্তমান তথা তৃতীয় সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুপস্থিতি আন্তর্জাতিক গণমাধ্যম ও ভূরাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা কৌতুহল ও আলোচনার জন্ম দিয়েছে। খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনি দেশের সর্বোচ্চ ক্ষমতার হাল ধরলেও, এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও পারিবারিক অনুষ্ঠানে তাঁর অংশ না নেওয়ার কারণ সম্পর্কে তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

পারিবারিক ও রাষ্ট্রীয় এই জানাজা অনুষ্ঠানে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মোজতবার অনুপস্থিতির বিষয়টি ছাড়া সামগ্রিক অনুষ্ঠানটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়।