দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমী স্থল নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে চারদিন ধরে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল সকাল নয়টায় থেকে আজ সকাল নয়টা পর্যন্ত জেলায় ৫০.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ। জেলার বিভিন্ন সড়ক সহ বিভিন্ন নিচু স্থানে পানি জমে গেছে। এদিকে উপকূলের আকাশ এখনও ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বেশ উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সৈকতে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উপকূলীয় এলাকার উপর দিয়ে আজও দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরা নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।





