টানা প্রবল বর্ষণ ও সড়ক তলিয়ে যাওয়ার কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে অন্তত ৬০০ পর্যটক আটকা পড়েছেন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বুধবার (৮ জুলাই) সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভারী বৃষ্টির কারণে সাজেকের মাচালং সড়কে পানি উঠে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিকেলের মধ্যে পানি নেমে গেলে আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়ি সদরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
রাহুল চাকমা আরও বলেন, দুর্যোগের কারণে আটকে থাকা পর্যটকদের কাছ থেকে আপাতত কোনো রুম ভাড়া নেওয়া হচ্ছে না। তাদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে রিসোর্ট মালিকরা কাজ করছেন।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেকের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেকে ভ্রমণে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা ভারী বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধস ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যোগাযোগ ব্যাহত হওয়ায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া সাজেকে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে সবাইকে অনুরোধ করা হয়েছে।





