টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একটি ইনস্টাগ্রাম স্টোরিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুরুষতন্ত্র, সন্তান লালন-পালন এবং কর্মজীবী মায়েদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে একটি বার্তা শেয়ার করেছেন তিনি। এর পর থেকেই নেটিজেনদের একাংশ তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও নানা জল্পনা শুরু করেছেন।
শুভশ্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী রত্না পাঠক শাহের একটি বক্তব্য শেয়ার করেন। সেখানে বলা হয়েছে, একজন বাবা নিজের সন্তানদের দেখাশোনা করলে সমাজ তাঁকে প্রশংসা করে, অথচ একজন মা কাজের জন্য সন্তানকে বেবিসিটারের কাছে রেখে গেলে তাঁকে নানা সমালোচনার মুখে পড়তে হয়। পোস্টে আরও উল্লেখ করা হয়, পুরুষতান্ত্রিক মানসিকতা শুধু নারীদেরই নয়, পুরুষদেরও পারিবারিক দায়িত্ব পালনের সংস্কৃতি থেকে দূরে সরিয়ে রাখে।
এই পোস্ট সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেখা যাচ্ছে। সম্প্রতি শুভশ্রীর কিছু পোস্টে স্বামী, পরিচালক রাজ চক্রবর্তীর লাইক না দেখা যাওয়ায় অনেকে এই ঘটনাকে তাঁর সাম্প্রতিক স্টোরির সঙ্গে মিলিয়ে দেখছেন। ফলে তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।
তবে এ বিষয়ে রাজ বা শুভশ্রী কেউই কোনো মন্তব্য করেননি। তাঁদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, দম্পতির সম্পর্কে কোনো সমস্যা নেই। বরং রাজ চক্রবর্তী বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রয়েছেন এবং ডিজিটাল ডিটক্সে সময় কাটাচ্ছেন। তাই শুভশ্রীর পোস্টে তাঁর প্রতিক্রিয়া না থাকাকে ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে যুক্ত করার সুযোগ নেই বলেই মনে করছেন অনেকে।
উল্লেখ্য, শুভশ্রী ও রাজ চক্রবর্তী টলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি। দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে নিয়ে তাঁদের পারিবারিক মুহূর্ত প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তারা। একই সঙ্গে কর্মজীবন ও পরিবার দুই ক্ষেত্রেই ভারসাম্য বজায় রাখার বিষয়েও বহুবার কথা বলেছেন এই অভিনেত্রী।
তবে শুভশ্রীর সাম্প্রতিক স্টোরি মূলত সমাজে নারী-পুরুষের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং কর্মজীবী মায়েদের প্রতি প্রচলিত মানসিকতা নিয়ে একটি বার্তা হিসেবেই দেখা হচ্ছে। তাঁর পোস্টের সঙ্গে ব্যক্তিগত জীবনের কোনো যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।





