দেশীয় সুতা বা কাপড় ব্যবহারে নগদ সহায়তা ৫ শতাংশ করল সরকার

রফতানিমুখী তৈরি পোশাকশিল্পে দেশীয় সুতা বা কাপড় ব্যবহারের ক্ষেত্রে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে দেওয়া বিকল্প নগদ সহায়তার হার বাড়িয়েছে সরকার। দেড় শতাংশ থেকে বাড়িয়ে এ সহায়তা ৫ শতাংশ করা হয়েছে।

এ সংক্রান্ত একটি নির্দেশনা বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, এ সুবিধা পেতে রফতানিকারকদের দেশীয় উৎস থেকে সুতা বা কাপড় সংগ্রহের প্রমাণপত্র জমা দিতে হবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের এ সিদ্ধান্ত গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

দেশীয় সুতা ও কাপড়ের ব্যবহার বাড়ানো এবং স্থানীয় টেক্সটাইল শিল্পকে উৎসাহিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।