ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে দুই দেশকে সাম্প্রতিক স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে শাহবাজ শরিফ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান গত মাসে যে সমঝোতা স্মারকে সই করেছে, তার অধীনে নেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় পাকিস্তান দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় ইসলামাবাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।





