অভিনয়কে বিদায় জানিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন তামিল সুপারস্টার থালাপাতি বিজয়। বর্তমানে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তবে অভিনয় ছেড়ে দিলেও তার বিদায়ী সিনেমা ‘জন নায়াগান’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।
দীর্ঘ সেন্সর জটিলতা ও আইনি প্রক্রিয়া শেষে আগামী ২৪ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তির আগেই ছবিটির অগ্রিম টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া মিলেছে।
এদিকে বিজয়ের শেষ সিনেমার এই উন্মাদনার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে তার ছেলে জেসন সঞ্জয়ের প্রথম পরিচালিত সিনেমা ‘সিগমা’-র মুক্তি।
আগে ছবিটি ৩১ জুলাই মুক্তির কথা থাকলেও, ‘জন নায়াগান’-এর প্রচারের কারণে সেটি আগস্টে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের ধারণা, একই সময়ে মুক্তি পেলে বাবার বিদায়ী ছবির আলোচনায় আড়ালে পড়ে যেতে পারে জেসনের প্রথম পরিচালনা।
চলচ্চিত্র পরিবারের সন্তান হলেও জেসন সঞ্জয় নিজেকে স্টারকিড পরিচয়ে প্রতিষ্ঠা করতে চাননি। বাবার রাজনৈতিক জীবনের পর তিনি নিজের নাম থেকেও বাবার নামের আদ্যাক্ষর বাদ দিয়ে মায়ের নামের আদ্যাক্ষর ব্যবহার শুরু করেন।
পরিচালনায় আসার আগে কানাডার টরন্টো ফিল্ম স্কুল থেকে ফিল্ম মেকিংয়ে ডিপ্লোমা এবং লন্ডনের সেন্ট্রাল ফিল্ম স্কুল থেকে চিত্রনাট্য লেখার ওপর উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি।
অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও ক্রাইম-কমেডি ঘরানার ‘সিগমা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ কিষাণ। তার বিপরীতে রয়েছেন ফারিয়া আবদুল্লাহ। ছবিটি প্রযোজনা করেছে ভারতের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রোডাকশনস।
জেসনের কাজের প্রশংসা করেছেন সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। তাদের ভাষ্য, প্রথম চলচ্চিত্র পরিচালনা করলেও জেসনের পরিকল্পনা, ধৈর্য এবং কাজের প্রতি নিবেদন ছিল একজন অভিজ্ঞ পরিচালকের মতোই।





