সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘একজন শিক্ষার্থীর গলা চেপে ধরার’ ভিডিও ও ছবিকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।
মঙ্গলবার সন্ধ্যায় (১৪ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি আন্দোলনরত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভিডিও ও ছবিতে যে ঘটনাকে একজন ছাত্রদল নেতার দ্বারা আন্দোলনরত শিক্ষার্থীর গলা চেপে ধরার ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে, বাস্তবে তা আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর সঙ্গে ঘটেনি।
আমানউল্লাহ আমানের দাবি, আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থীর বক্তব্যের জবাব দিতে গেলে ছাত্রদলের এক কর্মীকে কেন্দ্রীয় সংসদের এক নেতা শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়াতে নিষেধ করতে গিয়ে তাৎক্ষণিকভাবে তাকে নিবৃত্ত করেন। সেই মুহূর্তের দৃশ্যকেই ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
তিনি আরও দাবি করেন, পতিত ফ্যাসিস্টের দোসর এবং জাশির বট পেজ ও আইডি থেকে ঘটনাটি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
ফেসবুক পোস্টে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে এ ধরনের প্রচারণা সম্পর্কে সচেতন থাকার এবং কারও প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।





