প্রথমবার জুটি বাঁধছেন আরিফিন শুভ-কেয়া পায়েল

প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে এই নতুন জুটিকে। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম।

দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে আবারও চরকির কনটেন্টে ফিরছেন আরিফিন শুভ। অন্যদিকে, চরকির সঙ্গে এটিই কেয়া পায়েলের প্রথম কাজ। ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের আওতায় নির্মিত সিনেমাটি সহ-প্রযোজনা করছে ছবিয়াল।

নির্মাতা জাহিদ প্রীতম জানান, আধুনিক জীবনের সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘হ্যাপিলি ম্যারিড’-এর গল্প।

সিনেমাটিতে আনিস চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। দর্শকের পরিচিত অ্যাকশনধর্মী ইমেজ থেকে বেরিয়ে এবার একেবারেই ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে। শুভ বলেন, এটি রোমান্টিক-কমেডি ঘরানার গল্প এবং এমন চরিত্রে তিনি আগে কখনো অভিনয় করেননি।

অন্যদিকে অনামিকা চরিত্রে অভিনয় করছেন কেয়া পায়েল। উচ্চবিত্ত, আধুনিক ও সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক এক তরুণীর চরিত্রে হাজির হবেন তিনি। কেয়া জানান, চরিত্রটিতে অভিনয়ের একাধিক স্তর রয়েছে এবং দর্শক তাকে এবার নতুনভাবে আবিষ্কার করবেন।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের প্রতিটি গল্পই সম্পর্কের ভিন্ন ভিন্ন দিক তুলে ধরে। ‘হ্যাপিলি ম্যারিড’ও তার ব্যতিক্রম নয়।

গল্পের ভিন্নতা ও উপস্থাপনার কারণে সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার মতে, সম্পর্কের দ্বন্দ্ব, খুনসুটি এবং দুই ভিন্ন মানসিকতার মানুষের গল্পই সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ।

উল্লেখ্য, চরকিতে আরিফিন শুভর সর্বশেষ কাজ ছিল ‘উনিশ২০’। আর ‘ঘুমপরী’র পর পরিচালক জাহিদ প্রীতমের এটি চরকির জন্য দ্বিতীয় চলচ্চিত্র।