গোপালগঞ্জে ১৬ জুলাইকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে বিজিবি।
বুধবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। তাদের সঙ্গে র্যাব ও পুলিশও যৌথভাবে টহল দিচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো.হাবিবুল্লাহ। তিনি জানান, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, গত ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচজন মারা যান। পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ আহত হন। মূলত; এই দিনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি ও আইনশৃংখলার অবনতি হতে পারে এমন আশঙ্কায় গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।





