গণভোটের রায় উপেক্ষা করলে রাজপথেই চূড়ান্ত ফায়সালা: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা ও গণভোটের রায়কে উপেক্ষা করে সংসদে সংকটের সমাধান না হলে তার চূড়ান্ত ফয়সালা রাজপথে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সংস্কার এবং নতুন বাংলাদেশ গঠন। তিনি দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে এবং সেই রায় উপেক্ষা করা জনগণের মতামতকে অস্বীকার করার শামিল।

সংসদে ‘সংবিধান সংশোধন কমিটি’ গঠনের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের কমিটির সাংবিধানিক ভিত্তি নেই। গণভোটের রায় বাস্তবায়নে সংসদ ব্যর্থ হলে আন্দোলন রাজপথে গড়াবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী এবং কোনো বিদেশি প্রভাব বা নির্দেশনায় দেশের নীতি পরিচালনার পক্ষে নয়।

এছাড়া জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের যথাযথ পুনর্বাসনের দাবি জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র তাদের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হলে তা অকৃতজ্ঞতার পরিচয় হবে। তিনি শহীদ ও আহত যোদ্ধাদের নামে সড়ক ও স্থাপনার নামকরণেরও দাবি জানান।