দীর্ঘদিন ধরে বাড়িতে পালন করা হাঁস ও মুরগির বাচ্চা একে একে হারিয়ে যাচ্ছিল। গৃহস্থরা প্রথমে ধারণা করেছিলেন, সেগুলো চুরি হচ্ছে। তবে বাড়ির দেয়ালের ওপর ওঁৎ পেতে থাকা একটি অজগর সাপ উদ্ধার হওয়ার পর বেরিয়ে আসে হাঁস-মুরগি হারিয়ে যাওয়ার প্রকৃত রহস্য।
বৃহস্পতিবার (১৬ জুলাই) শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকার জোবায়ের নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কয়েকদিন ধরে তাদের পালিত হাঁস ও মুরগির বাচ্চাগুলো একে একে নিখোঁজ হচ্ছিল। সকালে হঠাৎ তারা দেখতে পান, একটি অজগর সাপ বাড়ির দেয়ালের ওপর থেকে পাশের একটি গাছের দিকে যাচ্ছে। তখনই তাদের ধারণা হয়, এতদিন ধরে হারিয়ে যাওয়া হাঁস ও মুরগির বাচ্চাগুলো সম্ভবত এই অজগর সাপটিই খেয়ে আসছিল।
পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।
স্বপন দেব সজল জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে গাছের ওপর লুকিয়ে থাকা অজগর সাপটিকে নিচে জাল পেতে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজগর সাপটি স্থানীয় গৃহস্থদের পালিত হাঁস ও মুরগির বাচ্চা শিকার করে খেয়ে আসছিল।





