বাংলাদেশে তৈরি বৈদ্যুতিক কার্গো ভ্যান বাজারজাত শুরু করেছে র্যাংগস গ্রুপের ফিউচার মোবিলিটি ইউনিট র্যাংগসএক্স। সম্প্রতি প্রতিষ্ঠানটি নিজেদের অ্যাসেম্বলি প্ল্যান্টে আয়োজিত এক অনুষ্ঠানে বহুজাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কাছে ১৮টি ডংফেং বৈদ্যুতিক কার্গো ভ্যান হস্তান্তর করেছে।
এর মাধ্যমে বাংলাদেশের সড়কে বৈদ্যুতিক কার্গো ভ্যানের যাত্রা শুরু হয়েছে। পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নতুন এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈদ্যুতিক কার্গো ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে র্যাংগস গ্রুপের(অটোমোটিভ ডিভিশন) প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ শাহরিয়ার আনোয়ার বলেন, ‘শতভাগ বৈদ্যুতিক ১৮টি কার্গো ভ্যান হস্তান্তর শুধু একটি চুক্তির আনুষ্ঠানিকতাই নয়, এটি বাংলাদেশের ইভি যাত্রায় এক নতুন মাইলফলক। ডিএইচএলের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের আস্থা আমাদের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি।’
প্রতিষ্ঠানটির (আইশার বাস ও ট্রাক, ডংফেং ইভি এবং পিকআপ ডিভিশন) বিজনেস হেড শাহ মোহাম্মদ রুম্মান বিন রউফ বলেন, ‘লজিস্টিকস ব্যবসায় অন্যতম চ্যালেঞ্জ হলো যানবাহনের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ। বৈদ্যুতিক কার্গো ভ্যান ব্যবহারে উভয় ক্ষেত্রেই ব্যয় কমবে। এর ফলে লজিস্টিকস কার্যক্রম আরও সাশ্রয়ী ও নির্ভরযোগ্য হবে।’
ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মিয়ারুল হক বলেন, ‘আমরা শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যে কাজ করছি, যা অর্জনে নিজেদের ফ্লিটে শতভাগ বৈদ্যুতিক কার্গো গাড়ি সংযোজন করা হলো। বাংলাদেশে এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই উদ্যোগ দেশের করপোরেট ও লজিস্টিকস খাতে ইলেকট্রিক ভেহিকেল(ইভি) ব্যবহারের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।





