মেসির প্রশংসায় ট্রাম্প, বললেন ‘ফুটবল কিছুটা হলেও আমি বুঝি’

২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে লিওনেল মেসির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে ফিফার এক অনুষ্ঠানে তিনি বলেন, ফুটবল সম্পর্কে তাঁর কিছুটা ধারণা আছে এবং ইংল্যান্ডের বিপক্ষে মেসির পারফরম্যান্স তাঁকে মুগ্ধ করেছে।

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। অনুষ্ঠানে তিনি টুর্নামেন্টে রেকর্ডসংখ্যক দর্শক উপস্থিতির বিষয়েও মন্তব্য করেন।

মেসির পারফরম্যান্স প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি মেসির দেওয়া ওই পাসটি দেখেছি। ফুটবল সম্পর্কে আমি কিছুটা হলেও বুঝি। ওকে খুব ভালোভাবে মার্ক করে রাখা হয়েছিল। এরপর হঠাৎ ডানপ্রান্তে গিয়ে শট নিল, যা নিখুঁত হওয়ার থেকে মাত্র এক চতুর্থাংশ ইঞ্চি দূরে ছিল। এটা দুর্দান্ত ছিল।’

অনুষ্ঠানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গেও সংক্ষিপ্ত আলাপ করেন ট্রাম্প। তিনি জানতে চান দলটি আবারও ইতিহাস গড়তে প্রস্তুত কি না। ট্রাম্প বলেন, ‘তোমরা কি আবার ইতিহাস পুনরাবৃত্তি করতে প্রস্তুত?’

এদিকে, ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ফকল্যান্ডস বা মালভিনাস ইস্যুতে একটি ব্যানার প্রদর্শন করেন। বিষয়টি ফিফার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আলোচনায় আসে এবং দলটি শাস্তির ঝুঁকিতে পড়ে।

তবে হোয়াইট হাউস জানিয়েছে, ফকল্যান্ডসের সার্বভৌমত্ব নিয়ে মত প্রকাশের অধিকার আর্জেন্টাইন খেলোয়াড়দের রয়েছে। ট্রাম্পের উপদেষ্টা অ্যান্ড্রু জিউলিয়ানি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে নিশ্চিত মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। তারা তাদের অধিকারের মধ্যেই ছিলেন।’