হতাশায় আপাতত বিরতি, কবে ফুটবলে ফিরবেন মেসি?

বিশ্বকাপের স্বপ্নভঙ্গের হতাশা আর টানা এক মাসের ফুটবলযুদ্ধ শেষে আপাতত বিশ্রামই বেছে নিচ্ছেন লিওনেল মেসি। স্পেনের কাছে ফাইনালে হারের পর আর্জেন্টাইন অধিনায়ক এখনই ক্লাব ফুটবলে ফিরছেন না। তার সঙ্গে একই সিদ্ধান্তে রয়েছেন মিডফিল্ডার রদ্রিগো দে পলও। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির প্রথম দুই ম্যাচে দেখা যাবে না আর্জেন্টিনার এই দুই তারকাকে!

ইন্টার মায়ামি আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ফিফপ্রোর সুপারিশ মেনেই মেসি ও দে পলকে বিশ্রাম দেওয়া হচ্ছে। ফুটবলারদের শারীরিক ও মানসিক পুনরুদ্ধারের কথা বিবেচনা করে মৌসুম শেষে অন্তত ২১ দিনের বিরতির পরামর্শ দিয়ে থাকে সংস্থাটি।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার আটটি ম্যাচেই খেলেছেন মেসি। সাতবার ছিলেন শুরুর একাদশে। স্পেনের বিপক্ষে ফাইনালে অতিরিক্ত সময়সহ ১২০ মিনিটের বেশি সময় মাঠে কাটাতে হয়েছে ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। পুরো টুর্নামেন্টজুড়ে দলের অন্যতম ভরসা ছিলেন তিনি। একইভাবে দে পলও বিশ্বকাপজুড়ে ছিলেন কোচের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। টানা ম্যাচের চাপ সামলে দুজনেরই এখন বিশ্রাম প্রয়োজন বলেই মনে করা হচ্ছে।

বিশ্বকাপের কারণে গত ২৬ মে থেকে বন্ধ ছিল এমএলএস। টুর্নামেন্ট শেষ হওয়ার পর আবার শুরু হয়েছে লিগের খেলা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শিকাগোর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এরপর রোববার ভোরে তাদের প্রতিপক্ষ মন্ট্রিয়ল। তবে এই দুই ম্যাচেই মেসি ও দে পলকে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইএসপিএন।

শুধু লিগ নয়, আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া লিগা এমএক্স অল-স্টার ম্যাচেও অংশ নেবেন না আর্জেন্টাইন এই দুই ফুটবলার। গত বছর অনুমতি ছাড়াই অল-স্টার ম্যাচে না খেলায় এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন মেসি। এবার অবশ্য আগেভাগেই তাদের অনুপস্থিতির বিষয়টি লিগ কর্তৃপক্ষকে জানিয়েছে ইন্টার মায়ামি, ফলে আগের মতো কোনো শাস্তির সম্ভাবনা নেই।

তবে বিশ্রাম শেষে ঠিক কবে মাঠে ফিরবেন মেসি ও দে পল, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিশ্বকাপের ধকল কাটিয়ে আর্জেন্টাইন দুই তারকার প্রত্যাবর্তনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ইন্টার মায়ামি সমর্থকদের!