হরমুজ প্রণালী দিয়ে অনুমোদিত নৌপথ ব্যবহার না করে চলাচলের চেষ্টা করায় ছয়টি জাহাজকে থামিয়ে ফিরিয়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট। সোমবার (২৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাষ্ট্রীয় টেলিভিশনের উপসাগরীয় অঞ্চলভিত্তিক এক সংবাদদাতা জানান, রোববার রাতে ছয়টি জাহাজ নির্ধারিত নৌপথ এড়িয়ে বিকল্প একটি রুট দিয়ে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করে। এ সময় আইআরজিসি নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছুড়ে জাহাজগুলোকে থামায় এবং নির্ধারিত পথে ফিরে যেতে বাধ্য করে।
এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন একটি জাহাজকে কেন্দ্র করে একটি ‘ঘটনার’ কথা জানালেও সে সময় বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এরও আগে শনিবার আইআরজিসি জানায়, সতর্কতামূলক গুলি ছোড়ার পর হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চল দিয়ে চলাচলের চেষ্টা করা চারটি জাহাজকে তারা থামিয়ে দেয়।
ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে ইরান। এরপর থেকেই কৌশলগত এই নৌপথে চলাচলকারী জাহাজগুলোকে নির্ধারিত রুট অনুসরণে বাধ্য করা হচ্ছে এবং বিকল্প পথে চলাচলের চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হয়। ফলে এই জলপথে যেকোনো ধরনের নিরাপত্তা ঘটনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।





