মুক্তির আগেই ‘কিং’-এর বাজিমাত

শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তির আগেই নতুন করে আলোচনায়। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, ছবিটির মিউজিক রাইটস প্রায় ৫০ কোটি টাকায় কিনতে যাচ্ছে জি মিউজিক। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রযোজনা সংস্থা বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র টানা সাফল্যের পর দীর্ঘ বিরতি শেষে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। ফলে ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহও তুঙ্গে। সিনেমাটির গল্প, নির্মাণ ও তারকাবহুল অভিনয়শিল্পীদের পাশাপাশি এবার আলোচনায় উঠে এসেছে এর মিউজিক রাইটস।

জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পুনিত গোয়েঙ্কা এক সাক্ষাৎকারে জানান, ‘কিং’-এর মিউজিক রাইটস নিয়ে আলোচনা চলছে। তবে চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি। সম্ভাব্য অর্থমূল্য নিয়েও তিনি কোনো মন্তব্য করতে চাননি।

সম্প্রতি বলিউডে বড় বাজেটের সিনেমার মিউজিক রাইটস বিক্রিতে নতুন রেকর্ড গড়ছে একের পর এক ছবি। এর আগে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ও ‘পুষ্পা ২’-এর মিউজিক রাইটস ৫০ থেকে ৫৪ কোটি টাকায় বিক্রির খবর প্রকাশিত হয়। এছাড়া রণবীর কাপুরের ‘রামায়ণ’ ছবির দুই পর্বের মিউজিক রাইটসও মোটা অঙ্কে বিক্রি হয়েছে বলে জানা যায়।

সব মিলিয়ে, মুক্তির আগেই ‘কিং’কে ঘিরে তৈরি হয়েছে নতুন চমক। তবে ৫০ কোটি টাকার মিউজিক রাইটসের খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।