নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর বাড়তি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেছে সরকার।
রোববার (২ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএমের অপারেশনস বিভাগের উপমহাপরিচালক (ডিডিজি) উগোচি ড্যানিয়েলস। বৈঠকে আইওএমের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইওরি কাতো, ডিডিজির বিশেষ উপদেষ্টা প্রিয়া মারওয়াহ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে আইওএম দীর্ঘদিন ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও মানবিক অংশীদার হিসেবে কাজ করে আসছে। তিনি গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম)-এর চ্যাম্পিয়ন দেশ হিসেবে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে আইওএমের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন, নৈতিক নিয়োগব্যবস্থা নিশ্চিত করা, অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং ও কৃষিখাতে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহযোগিতা প্রয়োজন।
নারী অভিবাসীসহ সব অভিবাসীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সেবা সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি সংকটাপন্ন দেশগুলো থেকে বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন, পুনর্বাসন, জলবায়ুজনিত অভিবাসন মোকাবিলা এবং মানবপাচার রোধে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য আইওএমের মানবিক সহায়তার প্রশংসা করেন। একই সঙ্গে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
জবাবে আইওএমের উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন। বৈশ্বিক পর্যায়ে অভিবাসন ইস্যুতে বাংলাদেশের নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।
বৈঠক শেষে উভয় পক্ষ নিরাপদ ও নিয়মিত অভিবাসন, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং বাংলাদেশের মানবিক ও উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।





