এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময়সূচি এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ আগস্ট কমিটির ৫৭৪তম সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে।

রোববার (২ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জারি করা এক নোটিশে সভার বিষয়টি জানানো হয়। এতে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ৬ আগস্ট দুটি পৃথক সভা অনুষ্ঠিত হবে। এর একটি হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এবং অন্যটি ঢাকা শিক্ষা বোর্ডে। ঢাকা শিক্ষা বোর্ডের সভায় মূলত এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশ এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে।

সভা সংক্রান্ত নোটিশ অনুযায়ী, আগামী ৬ আগস্ট সকাল ১১টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ৫৭৪তম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

সভায় আগের ৫৭৩তম সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশের বিষয় এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি অন্যান্য প্রশাসনিক বিষয়ও আলোচ্যসূচিতে রাখা হয়েছে।

শিক্ষা বোর্ডগুলোর এই বৈঠককে আগামী শিক্ষাবর্ষের গুরুত্বপূর্ণ পরীক্ষাসংক্রান্ত কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।