এলেঙ্গা-হাটিকামরুল-বগুড়া-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ব্যয় প্রায় আড়াই হাজার কোটি টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২-এর ১১টি নির্মাণ প্যাকেজে ভেরিয়েশন অর্ডার (ভিও) অনুমোদনের ফলে প্রকল্প ব্যয় প্রায় ২ হাজার ৪৭৮ কোটি টাকা বৃদ্ধি পাবে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নাধীন এ প্রকল্পের বিভিন্ন প্যাকেজে অতিরিক্ত নির্মাণকাজ, নকশা সংশোধন, প্রয়োজনীয় অবকাঠামোগত পরিবর্তন এবং প্রকল্পের বাস্তব চাহিদার কারণে ব্যয় বাড়ানোর প্রস্তাব আনা হয়।
অনুমোদনের ফলে অধিকাংশ নির্মাণ প্যাকেজের চুক্তিমূল্য মূল চুক্তির তুলনায় ৩৫ থেকে প্রায় ৪৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
সবচেয়ে বড় অতিরিক্ত ব্যয় অনুমোদন পেয়েছে ডব্লিউপি-০৭ (পার্ট-১) প্যাকেজে, যেখানে আবদুল মোনেম লিমিটেডের দ্বিতীয় ভেরিয়েশন অর্ডারের মাধ্যমে প্রায় ৩৮৬ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় বৃদ্ধি পেয়েছে। এছাড়া ডব্লিউপি-০৯ প্যাকেজে প্রায় ৩৪৭ কোটি ৬৫ লাখ টাকা এবং ডব্লিউপি-০৬ প্যাকেজে প্রায় ২৯১ কোটি ৮২ লাখ টাকা অতিরিক্ত ব্যয় অনুমোদন করা হয়েছে।
ডব্লিউপি-১০, ডব্লিউপি-১১, ডব্লিউপি-১২ ও ডব্লিউপি-১৩ প্যাকেজেও উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত ব্যয় অনুমোদিত হয়েছে। এসব প্যাকেজের সংশোধিত চুক্তিমূল্য মূল চুক্তির তুলনায় প্রায় ৪৫ থেকে ৪৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত নির্মাণকাজ ও প্রকল্পের বাস্তবায়ন চাহিদা পূরণের জন্য এসব ব্যয় বৃদ্ধি করা হয়েছে।





