দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নতুন কমিটি দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণ করবে। একই সঙ্গে এসব বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে কমিটি। কৃষি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
কমিটির অন্য সদস্যরা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটি গঠনের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর ফলে সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম তদারকির পাশাপাশি কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন কমিটির আহ্বায়ক আবু জাফর মো. জাহিদ হোসেন।





