সাফল্যের মাঝেই হাসপাতালে ইমরান হাশমি

বক্স অফিসে ‘আওয়ারাপন টু’-এর সাফল্যের মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। জানা গেছে, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসা পরীক্ষায় তার শরীরে এইচ১এন১ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন ইমরান। সম্প্রতি রাঁচি সফরসহ বিভিন্ন কাজের কারণে দেশের একাধিক জায়গায় যাতায়াত করেন এই অভিনেতা। এরপর মুম্বাইয়ে ফিরে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে তার মেডিকেল পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে এইচ১এন১ সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়।

বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন ইমরান হাশমি। তাকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

অসুস্থতার কারণে বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানেও উপস্থিত হতে পারেননি এই অভিনেতা। পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্ঠানে যেতে না পারায় ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

এদিকে ব্যক্তিগত জীবনে অসুস্থ হলেও পেশাগত দিক থেকে দারুণ সময় কাটাচ্ছেন ইমরান। তার নতুন সিনেমা ‘আওয়ারাপন টু’ বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে মুক্তি পাওয়া সিনেমাটি এরই মধ্যে প্রায় ৪০ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে।

২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপন টু’। সিনেমাটি পরিচালনা করেছেন নীতিন কাক্কার এবং প্রযোজনা করেছেন বিশেষ ভাট। এতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি।

মুক্তির প্রথম দিনেই ‘আওয়ারাপন টু’ আগের সিনেমাটির পুরো আয়ের রেকর্ড ছাড়িয়ে যায়। ২০০৭ সালের ‘আওয়ারাপন’ পুরো সময়ে আয় করেছিল ৭ কোটি ৭৫ লাখ রুপি।

সিনেমার সাফল্যের মধ্যেই ইমরানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্তরা। এখন তাদের একটাই প্রত্যাশা—দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরুন প্রিয় অভিনেতা।