ছেলের প্রথম সিনেমার প্রচারে থাকছেন না থালাপতি বিজয়!

দক্ষিণী সিনেমার সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয় নিজের প্রথম সিনেমা ‘সিগমা’র প্রচারে পাশে পাচ্ছেন না বাবাকে। অভিনেতা নয়, পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে জেসনের পথচলা শুরু। নিজের প্রথম সিনেমার প্রচারে তারকা বাবা পাশে না থাকায় এ নিয়ে নানা প্রশ্নের মুখে পড়েন জেসন। এর কারণ হিসেবে বর্তমানে তার রাজনৈতিক ব্যস্ততা ও দায়িত্বকে সামনে আনেন ছেলে।

বুধবার হায়দরাবাদে নিজের প্রথম সিনেমা ‘সিগমা’র প্রচারে অংশ নেন জেসন সঞ্জয়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবা থালাপতি বিজয় ও নিজের সিনেমা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

সাংবাদিকরা জানতে চান, বাবার কাছ থেকে পাওয়া তার সবচেয়ে বড় গুণ কোনটি? সঞ্জয় এককথায় উত্তর দেন, ‘সময়ানুবর্তিতা’। সিনেমা তৈরিতে বাবা কোনো সাহায্য করেছেন কি না, সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি দর্শকদের দিকে ইশারা করে বলেন, ‘সবাই, সবাই’। অর্থাৎ সিনেমার ক্ষেত্রে তিনি দর্শকদের সমর্থনকেই সবচেয়ে বড় মনে করছেন।

‘সিগমা’র প্রচারে বিজয়কে দেখা যাবে কি না এমন প্রশ্নে সঞ্জয় সাফ জানিয়ে দেন,‘না, না। আমি চাই প্রচারের আলোটা যেন শুধু সিনেমার ওপরেই থাকে। এর সঙ্গে অন্য কোনো বিষয় না জড়াক। তাছাড়া তিনি এখন মুখ্যমন্ত্রী, উনার অনেক দায়িত্ব রয়েছে।’

মুখ্যমন্ত্রী হলেও ছেলের প্রথম সিনেমা নিয়ে থালাপতি বিজয়ের আগ্রহের কমতি নেই। সঞ্জয় জানান, বাবা সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং ছেলে কেমন কাজ করল, তা দেখতে বেশ উদগ্রীব হয়ে আছেন।

এই ‘সিগমা’ সিনেমার মাধ্যমেই পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে জেসন সঞ্জয়ের। লাইকা প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত এই ‘হেইস্ট-কমেডি’ (চুরি ও হাসির গল্প) সিনেমায় অভিনয় করেছেন সন্দীপ কিশান, ফারিয়া আবদুল্লাহ, সম্পত রাজসহ একঝাক তারকা।

সিনেমার গান ও আবহ সঙ্গীত তৈরি করেছেন থামান এস। জেসন সঞ্জয় আগেই জানিয়েছিলেন, সিনেমার মূল গল্পটি একজন মানুষের আত্মপরিচয়ের লড়াইকে কেন্দ্র করে। আগামী ২ অক্টোবর তামিল ও তেলুগু ভাষায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস