নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার কঠোর আইন করতে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিতে অচিরেই এ বিষয়ে সরকার কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদফতর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা জানান।

পোল্ট্রি খাতের নানা সংকট ও ভবিষ্যৎ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক নারীদের হাঁস-মুরগি পালনের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিচ্ছে সরকার। পাশাপাশি, দেশের প্রতিটি পোলট্রি খামারকে পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রফতানি করা হয়েছে।

এছাড়া, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে ডিম রফতানি আরও বাড়াতে উৎপাদন বৃদ্ধি ও পোল্ট্রি খাতের উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।